কুমিল্লার চান্দিনায় থানা পুলিশের বিশেষ অভিযানে পর্ণোগ্রাফী চক্রের সদস্য, ওয়ারেন্টভুক্ত আসামি ও পেশাদার চোরসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্ণোগ্রাফী তৈরি ও সংরক্ষণ করে ভীতি প্রদর্শন এবং যৌন পীড়নের অভিযোগে মহিচাইল ভূইয়া পাড়ার রুবেল ও জামালকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলার সিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গল্লাই এলাকার কাওসার, কবির হোসেন, সোহাগ ও রাব্বি, বেলাশ্বর এলাকার রনি এবং দোতলা এলাকার ইদ্রিসকে আটক করা হয়। অভিযানে পানিপাড়া এলাকার পেশাদার চোর হাবিবুর রহমানকেও গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে পুলিশ আইনের ৩৪ ধারায় মনোহরগঞ্জ উপজেলার সুলাইমানকে আটক করা হয়েছে।
চান্দিনা থানা পুলিশ বলছে, কুমিল্লাজুড়ে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, “অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরছে।”
গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিনিধি, চান্দিনা।

