ঢাকাSaturday , 30 May 2026
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার বুড়িচংয়ে নারী হত্যার ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, প্রধান আসামী গ্রেফতার

Link Copied!

কুমিল্লার বুড়িচংয়ে নারী হত্যার ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, প্রধান আসামী গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি: আশিকুর রহমান রাসেল
কুমিল্লার বুড়িচং উপজেলায় লিপি আক্তার (৪০) নামের এক নারীকে হত্যার ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন করেছে র‍্যাব-১১, সিপিসি-২। ঘটনায় জড়িত প্রধান আসামী মোঃ সুমন জামাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৮ মে কুমিল্লার বুড়িচং থানার নোয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় একা বসবাসরত লিপি আক্তারকে হত্যা করা হয়। ঈদের দিন বিকেলে তার মেয়ে মায়ের সঙ্গে দেখা করে শ্বশুরবাড়িতে ফিরে যান। পরদিন সকালে স্বজনরা জানতে পারেন, অজ্ঞাত ব্যক্তিরা লিপি আক্তারকে হত্যা করেছে।
খবর পেয়ে নিহতের মেয়ে বাসায় গিয়ে খাটের ওপর মায়ের মরদেহ দেখতে পান। পরে তিনি বাদী হয়ে বুড়িচং থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে নেমে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে গাজীপুর সদর থানার ধীরাশ্রম বুড়ি বটতলা এলাকা থেকে প্রধান আসামী মোঃ সুমন জামাল মিয়াকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। জানা যায়, সুমন জামাল মিয়া একজন মাদকাসক্ত এবং নিহত লিপি আক্তার তার দ্বিতীয় স্ত্রী ছিলেন। ঘটনার রাতে তিনি ভিকটিমের বাসায় অবস্থান করেন।
র‍্যাবের ভাষ্যমতে, ২৯ মে ভোর সাড়ে ৪টার দিকে আসামী নিহতের মোবাইল ফোন নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে লিপি আক্তার বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির একপর্যায়ে সুমন তাকে বিছানায় ফেলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে।
র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Uncategorized সর্বশেষ