চান্দিনার বাড়েরা ইউনিয়নে এনসিপির উদ্যোগে বৃক্ষ বিতরণ ও রোপ
কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির তৃণমূল পর্যায়ের শুভাকাঙ্ক্ষী ও নেতৃবৃন্দের উদ্যোগে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাড়েরা ইউনিয়নের দোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণসহ আশপাশের বিভিন্ন স্থানে এসব চারা রোপণ করেন অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব এবং চান্দিনা উপজেলা এনসিপির আহ্বায়ক আবুল কাশেম অভি, জেলা এনসিপির মুক্তিযুদ্ধ ও জুলাইবিষয়ক সম্পাদক জয়েজ আলম এবং জেলা সদস্য ফারহানা ইয়াসমিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাড়েরা ইউনিয়ন এনসিপির প্রধান সমন্বয়কারী ফয়সাল আহমেদ, যুগ্ম সমন্বয়কারী আতাউল্লাহ খান, মাসুদসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে চান্দিনা পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে মোট ১৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ চলমান থাকবে।
বৃক্ষের চারা পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের আহ্বান জানান আয়োজকরা।

