কুমিল্লার চান্দিনায় জুলাই অভ্যুত্থানের শহিদ তায়িম ভূঁইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও বৃক্ষরোপণ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
জুলাই অভ্যুত্থানের শহিদ তায়িম ভূঁইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে কবর জিয়ারত, দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) শহিদ তায়িম ভূঁইয়ার কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ ও শহিদদের স্মৃতি সংরক্ষণের প্রতীক হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
এ সময় এনসিপি চান্দিনা উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহিদ তায়িম ভূঁইয়ার আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চান্দিনা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শহিদ তায়িম ভূঁইয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।

