কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) সকালে জেলা কার্যালয় কুমিল্লা “খ” সার্কেলের একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
অভিযানে আটক মোহসেনা বেগম (৫৫)-এর শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় উদ্ধার করা হয় ২ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট। একই সময় অপর অভিযুক্ত আবদুল জলিল (৬৫)-এর কাছ থেকে একটি শপিং ব্যাগে থাকা আরও ১ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
সবমিলিয়ে অভিযানে মোট ৩ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সকাল ৮টা থেকে ৮টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন মোস্তফাপুর বিশ্বরোড এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘ইম্পেরিয়াল এক্সপ্রেস’ নামের একটি বাসে বসা অবস্থায় তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটকরা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকায় সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

