র্যাব-১১, সিপিসি-২ এর পৃথক পৃথক অভিযানে অস্ত্র ও বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মো আশিকুর রহমান রাসেল, কুমিল্লা প্রতিনিধি,
র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১ টি বিদেশী পিস্তল ও ০১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় পৃথক একটি অভিযানে ১৭,৮০০ পিস ইয়াবাসহ আঃ কাদের তপু (২০) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পৃথক অপর একটি অভিযানে কোতয়ালী মডেল থানার রাজমঙ্গলপুর এলাকার পলাতক আসামী জসিম খন্দকার (৪৫) এর বাড়ির পানির ট্যাংকিতে বিশেষ কৌশলে রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, অজ্ঞাতনামা ২/৩ জন আসামী উদ্ধারকৃত বিদেশী পিস্তল ব্যবহার করে ধর্মপুরসহ আশেপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করে আসছিল। কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামী আঃ কাদের তপু (২০) গাজীপুর এলাকার তাজুল ইসলাম এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। কোতয়ালী মডেল থানার রাজমঙ্গলপুর এলাকায় অপর একটি অভিযানে রাজমঙ্গলপুর গ্রামের পলাতক আসামী জসিম খন্দকার (৪৫) উক্ত গ্রামের মৃত হিরু মিয়ার ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, সে একাধিক মাদক মামলার আসামী হয়েও সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। র্যাব-১১ এর অস্ত্র, সন্ত্রাস ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়। অস্ত্র, সন্ত্রাস ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন।

